সড়ক দুর্ঘটনা রোধে সাতক্ষীরায় পেশাজীবী চালকদের প্রশিক্ষণ

সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান। তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির হোসেন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. আরজু হোসেন, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক ও উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন।
প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে গাড়িচালকদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি দেশের সড়ক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ হবে।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার পেশাজীবী গাড়িচালকরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক কর্মশালাটি সঞ্চালনা করেন।
আয়োজকেরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ