পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে কাজ চলছে: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই।
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ আংশিক অপসারণ ও সেখানে বালু ভরাট করে ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “যেখানে-সেখানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতিরই ক্ষতি করে না, বরং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগাড় দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, শুধু ময়লার স্তূপ সরিয়ে ফেললেই দায়িত্ব শেষ হবে না। ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু এলাকার সৌন্দর্য নষ্ট করছিল না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করেছিল। এ উদ্যোগ স্থানীয় পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা-গাউছিয়া এলাকার ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ করে বালু ভরাটের কাজ শেষ করা হবে। এরপর সেখানে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ময়লার স্তূপ অপসারণকৃত স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ভোরের আকাশ/জেআ