বাসাইলে ইয়াবাসহ আটক ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে ৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে মো. বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৬) এবং রবি খানের ছেলে রুবেল খান (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাইল থানার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত বিদ্যুৎ খানকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে তিন মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড দেন।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের পুলিশ পাহারায় টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা