প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এনসিপি নেতা রহমত উল্লাহর পদ স্থগিত

নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরপরই জেলা এনসিপি এই সিদ্ধান্ত নেয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উধাও হন এনসিপি নেতা শেখ রহমত উল্লাহ। এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ রয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরেই ওই নারীর সঙ্গে রহমত উল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যাকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলমও বিষয়টি নিশ্চিত করে দীর্ঘদিনের সম্পর্কের অভিযোগ তোলেন।
এদিকে লিখিত অভিযোগে প্রবাসীর বাবা হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় সঙ্গে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট নারী নাগালের বাইরে রয়েছেন।
ভোরের আকাশ/আ.র