বেনাপোলে ককটেল হামলায় বিএনপি নেতা নিহত
যশোরের বেনাপোলে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘষে জেরে ককটেল হামলায় আব্দুল হাই নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য হত্যার শিকার হয়েছেন। এ সময় আহত হয়েছেন আব্দুল হাইয়ের তিন সহকর্মী। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া বাজারে এই ককটেল হামলার ঘটনা ঘটে।
এদিকে এঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তজনা বিরাজ করছে। তবে পুলিশ বলছে,অপ্রিতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
ডুবপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান জানান, বেনাপোলের ডুবপাড়া ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আসে পলাতক থাকা আ.লীগের কয়েক জন নেতা,কর্মী। এ নিয়ে বিএনপি কর্মী সাঈদের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান ও সদস্য আব্দুল হাইয়ের সাথে। বিষয়টি নিয়ে ঈদের পরে শালিশ বসার কথা ছিল। তবে তার আগেই এ দিন বাজার থেকে ভ্যান যোগে আব্দুল হাইসহ ৪ জন বাড়ি ফেরার পথে ডুবপাড়া বাজারে পৌছালে মটরসাইকেল যোগে সাইদসহ ৬ থেকে ৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের লক্ষ্য করে পর পর ৬ টি কলটেল হামলা চালায়। এসময় ককটেলের আঘাতে আব্দুল হাইসহ ৪ জন জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল হাই।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী রাজনীতি করলেও কোনো অপরাধে জড়িত ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মামুন শেখ বলেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে গত দুই দিনে শার্শা ও বেনাপোল এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ