হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের সাতমাথা, থানা মোড় ও বড়গোলা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এই ঘটনাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন।
তারা বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার থাকার কথা বলা হলেও বাস্তবে তার কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যাচ্ছে না। তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ