উল্লাপাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া রেলস্টেশন সংলগ্ন নবগ্রাম ওভারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া পৌরশহরের ঘোষগাঁতী গ্রামের অটোরিকশাচালক মো. মোন্নাফ হোসেন এবং একই গ্রামের যাত্রী চন্দন পাল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি উল্লাপাড়া থেকে শাহজাদপুরের উদ্দেশে রওনা হয়ে উল্লাপাড়া রেলস্টেশন এলাকার ওভারপাস পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক পাবনা থেকে ছেড়ে আসা ‘সি লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দন মারা যান।
এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
ভোরের আকাশ/ইউএম