মান্দায় মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে । বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ তৈরির ২০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি আধুনিক চীনা কুড়াল উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব