কবিতা
সত্যের অপেক্ষায় রাজনীতি

অফিসে রাজনীতি,
বাসায় রাজনীতি,
চায়ের কাপে ধোঁয়া ওঠার আগেই রাজনীতি।
রাস্তায় রাজনীতি,
বাসে রাজনীতি,
ট্রেনে রাজনীতি।
পথে রাজনীতি,
ঘাটে রাজনীতি,
ভোরের প্রথম আলো থেকে
মধ্যরাতের শেষ নীরবতা পর্যন্ত—
চারদিকে শুধু রাজনীতির পদচারণা।
কিন্তু যে রাজনীতির জন্ম হয়েছিল
অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে দাঁড়াতে,
শোষিতের চোখের জল মুছে দিতে,
অবহেলিতের অধিকার ফিরিয়ে দিতে,
অত্যাচারীর হাত থামিয়ে দিতে—
সেই রাজনীতি আজ কোথায়?
কেন আজ সত্যের চেয়ে স্লোগান বড়,
নীতির চেয়ে ক্ষমতা বড়,
বিবেকের চেয়ে দল বড়,
মানুষের চেয়ে চেয়ার বড়?
যে রাজনীতি হওয়ার কথা ছিল
জনতার আশ্রয়,
আজ কেন তা হয়ে উঠেছে
ভয়ের আর বিভেদের আরেক নাম?
যে পতাকা ছিল ন্যায়বিচারের প্রতীক,
কেন তার ছায়ায় অন্যায় আশ্রয় খুঁজে পায়?
যে কণ্ঠ ছিল প্রতিবাদের,
সে কেন আজ নীরবতার শিকলে বন্দী?
রাজনীতি যদি মানুষের জন্যই হয়,
তবে মানুষ আজ কেন রাজনীতির ভয়ে পথ চলে?
রাজনীতি যদি ন্যায়ের ভাষা হয়,
তবে অন্যায়ের কণ্ঠ এত উচ্চস্বরে কথা বলার সাহস পায় কোথা থেকে?
তবু আশা মরে না।
হয়তো আবার কোনো এক ভোরে
ফিরে আসবে সেই রাজনীতি—
যেখানে ক্ষমতার নয়,
বিজয় হবে সত্যের।
যেখানে প্রতিপক্ষ থাকবে,
কিন্তু শত্রু থাকবে না।
যেখানে পতাকার রঙ নয়,
মানুষের রক্তের মূল্য বড় হবে।
যেখানে দল নয়,
দেশ আগে থাকবে।
আর যেখানে রাজনীতি
ক্ষমতার সিঁড়ি নয়,
মানুষের সেবার সবচেয়ে পবিত্র অঙ্গীকার হয়ে উঠবে।
ভোরের আকাশ/এনএ