দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: এসআরবি-১ অধিনায়ক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান, পিএসসি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসআরবি-১ সদর দপ্তর, উত্তরায় পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় এসআরবি-১ অধিনায়ক বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব।”
তিনি জানান, দুর্গাপূজা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। মোতায়েন করা সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও এসআরবির সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন।
এ সময় পূজামণ্ডপ কর্তৃপক্ষকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।
ভোরের আকাশ/এনএস