জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ
জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এবং জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় জহুর হোসেন চৌধুরী হলে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ আয়োজিত হয়।
এতে ক্লাবের প্রায় তিন শতাধিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের ডায়াবেটিস সম্পর্কিত ‘আরবিএস’ পরীক্ষা রক্তের নমুনা সংগ্রহ এবং রক্তচাপ চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়।
এ ছাড়াও ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং ১ হাজার ২০০ টাকায় প্যাকেজে ৯টি নয়টি পরীক্ষা (সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচ বিএস এজি, এস জি পি টি, ইউরিন আর ই, টি এস এইচ, ইসিজি) হেলথ চেক-আপ করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক একেএম মহসীন প্রমুখ।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, সাংবাদিকদের স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আরো বেশি বেশি ফি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করতে চাই।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালকে। উনারা বরাবরই আমাদের সাংবাদিকদের জন্য দীর্ঘ পথ চলার সাথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বলেন, আমরা প্রত্যেকটা কর্পোরেট হাউজে যাওয়ার চেষ্টা করছি, যেন প্রতি বছর অল্প কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা করে যেমন সিবিসি, ইউরিনআরই, তাহলে প্রাইমারি রোগ ধরা পড়ে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বাহিরে খাবার-দাবারের বেশি খেতে হয়। বাইরে থাকতে হয়। তাই তাদের নিয়মিত সবাস্থ্য পরীক্ষা জরুরি। আমরা যদি ডায়াবেটিস এবং প্রেসার নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ফিফটি পার্সেন্ট রোগ নিয়ন্ত্রণ করতে পারি।
ইনসাফ বারাকাহ হাসপাতালে এজিএম মুহা. হাফিজুর রহমান বলেন, আমরা যেন নিরলসভাবে মানবতার সেবক হিসেবে সাংবাদিকদের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি, এই দোয়া প্রত্যাশা করছি।
ভোরের আকাশ/জাআ