ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৮ জন।
রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজন মারা গেছেন। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত একদিনে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৮ জন করে মোট ৩৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।
ভোরের আকাশ/এসএইচ