যক্ষ্মা নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়াতে জাপানি প্রতিনিধি দলের আইসিডিডিআরবি পরিদর্শন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর ঢাকা হাসপাতাল ও বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেছে বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাসের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকাস্থ জাপানি দূতাবাসের প্রথম সচিব (অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা) তোরিনারি তাকেহিরোর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে।
প্রতিনিধি দলে আরও ছিলেন জাপানি দূতাবাসের গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস অনুদানের কনসালট্যান্ট খান নানামী, টয়োটা সুশো করপোরেশনের প্রধান প্রতিনিধি ইউজি ওয়াগাটা এবং প্রতিষ্ঠানটির সার্কুলার ইকোনমি অ্যান্ড গ্রিন ইনফ্রাস্ট্রাকচারবিষয়ক ইনচার্জ রাইহান শাফি।
আইসিডিডিআর,বিতে পৌঁছালে অতিথিদের স্বাগত জানান সংক্রামক ব্যাধি বিভাগের (আইডিডি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. সায়েরা বানু। তিনি প্রতিষ্ঠানটির জীবনরক্ষাকারী বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশে যক্ষ্মা (টিবি) নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলোর সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
এ সময় ডা. শাহরিয়ার আহমেদ দেশে যক্ষ্মার বর্তমান পরিস্থিতি, আইসিডিডিআর,বির চলমান টিবি নিয়ন্ত্রণ কর্মসূচি এবং এ খাতে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মিরপুরে একটি পোর্টেবল এক্স-রে ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে পরিচালিত যক্ষ্মা স্ক্রিনিং কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এছাড়া তারা আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতাল ও বিভিন্ন পরীক্ষাগার ঘুরে দেখেন।
বৈঠক ও আলোচনায় যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গবেষণা ও উদ্ভাবন, সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদ সংগ্রহে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আইসিডিডিআর,বির সঙ্গে জাপানের দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। জাপানি বোর্ড সদস্য, বিজ্ঞানী, গবেষক ও সহযোগীদের ধারাবাহিক অবদানে এ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। জনস্বাস্থ্য উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে জাপান ও দেশটির জনগণের সঙ্গে এই দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে প্রতিনিধি দলের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/সু.পা