নারীদের PCOS এখন PMOS, জেনে নিন লক্ষণ ও করণীয়

নারীদের মধ্যে পরিচিত হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম’ (PMOS)। নতুন নামের মাধ্যমে রোগটির প্রকৃত বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। কারণ, এ সমস্যা শুধু ডিম্বাশয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শরীরের হরমোন, বিপাকীয় কার্যক্রম, প্রজননস্বাস্থ্য ও মানসিক সুস্থতার ওপরও প্রভাব ফেলতে পারে।
PCOS বা PMOS আসলে কী?
PMOS একটি দীর্ঘমেয়াদি হরমোন ও বিপাকীয় সমস্যা। এতে শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষালি বৈশিষ্ট্য-সংশ্লিষ্ট হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। একই সঙ্গে ইনসুলিনের কার্যকারিতায় সমস্যা দেখা দিতে পারে। এর প্রভাবে ডিম্বাশয় থেকে নিয়মিত ডিম্বাণু নিঃসরণ ব্যাহত হয় এবং মাসিক অনিয়মিত হয়ে পড়ে।
আগে এ সমস্যাকে PCOS বলা হতো। নামের ‘পলিসিস্টিক’ শব্দটি ডিম্বাশয়ে অনেক সিস্ট থাকার ধারণা তৈরি করলেও বাস্তবে আল্ট্রাসাউন্ডে দেখা ছোট ছোট গঠনগুলো সাধারণত অপরিণত ডিম্বাণুর ফলিকল; এগুলো প্রকৃত সিস্ট নয়। আবার যাঁদের এ সমস্যা রয়েছে, তাঁদের সবার ডিম্বাশয়ে এমন চিত্রও দেখা যায় না। তাই রোগটির হরমোন ও বিপাকীয় বৈশিষ্ট্যকে গুরুত্ব দিতে নতুন নাম PMOS চালু করা হয়েছে।
কেন হয় এ সমস্যা?
PMOS হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে বংশগত প্রবণতা, হরমোনের ভারসাম্যহীনতা এবং ইনসুলিনের কার্যকারিতার সমস্যাকে এর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। পরিবারের কারও এ সমস্যা থাকলে অন্য সদস্যের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে শরীরে এর মাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত ইনসুলিন ডিম্বাশয়ে অ্যান্ড্রোজেন উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। এতে ডিম্বাণুর স্বাভাবিক বৃদ্ধি ও নিঃসরণ ব্যাহত হতে পারে। তবে শুধু অতিরিক্ত ওজনের কারণেই এ সমস্যা হয়, এমন ধারণা সঠিক নয়। স্বাভাবিক ওজনের নারীদেরও PMOS হতে পারে।
লক্ষণগুলো কী কী?
PMOS-এর লক্ষণ একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। কারও ক্ষেত্রে একাধিক লক্ষণ দেখা যায়, আবার কারও ক্ষেত্রে সমস্যা থাকলেও তা সহজে বোঝা যায় না। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
- মাসিক অনিয়মিত হওয়া বা দীর্ঘদিন বন্ধ থাকা
- মুখে, থুতনিতে ও শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোম গজানো
- মুখে ব্রণ ও ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া
- মাথার চুল পাতলা হওয়া বা অতিরিক্ত চুল পড়া
- অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা ওজন কমাতে অসুবিধা
- গর্ভধারণে সমস্যা
- ঘাড়, বগল বা শরীরের ভাঁজে কালচে ও পুরু দাগ তৈরি হওয়া
- ক্লান্তি, উদ্বেগ ও বিষণ্নতার মতো সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রজননক্ষম বয়সী নারীদের প্রায় ১০ থেকে ১৩ শতাংশ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাঁদের মধ্যে অনেকেই রোগটি সম্পর্কে জানেন না।
কীভাবে শনাক্ত করা হয়?
শুধু মাসিক অনিয়মিত হওয়া কিংবা আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে ছোট ছোট ফলিকল দেখা গেলেই PMOS হয়েছে বলে নিশ্চিত হওয়া যায় না। সাধারণত অন্য সম্ভাব্য কারণগুলো বাদ দিয়ে তিনটি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত দুটি থাকলে রোগটি শনাক্ত করা হয়।
১. শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়া অথবা অতিরিক্ত লোম, ব্রণ ও চুল পড়ার মতো লক্ষণ থাকা।
২. অনিয়মিত মাসিক বা নিয়মিত ডিম্বাণু নিঃসরণ না হওয়া।
৩. আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে পলিসিস্টিক গঠনের উপস্থিতি।
রোগ নির্ণয়ে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী হরমোন পরীক্ষা, রক্তে শর্করা ও ইনসুলিন-সম্পর্কিত পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ডের পরামর্শ দিতে পারেন। তবে কিশোরীদের ক্ষেত্রে রোগ নির্ণয়ের নিয়ম আলাদা এবং সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন।
চিকিৎসা ও নিয়ন্ত্রণের উপায়
PMOS-এর স্থায়ী নিরাময় এখনো নেই। তবে জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের মাধ্যমে এর লক্ষণ নিয়ন্ত্রণ করা সম্ভব। চিকিৎসা নির্ভর করে রোগীর বয়স, শারীরিক অবস্থা, লক্ষণ এবং ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনার ওপর।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হরমোনের ভারসাম্য রক্ষার ওষুধ, মাসিক নিয়মিত করার ওষুধ, ইনসুলিনের কার্যকারিতা বাড়ানোর ওষুধ কিংবা গর্ভধারণে সহায়তাকারী চিকিৎসা দেওয়া হতে পারে।
পাশাপাশি সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন থাকলে তা কমানো অনেকের ক্ষেত্রে মাসিক ও বিপাকীয় সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে স্বাভাবিক ওজনের নারীদেরও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা প্রয়োজন।
অবহেলা করলে কী ঝুঁকি রয়েছে?
PMOS শুধু প্রজননস্বাস্থ্যের সমস্যা নয়। দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে টাইপ-২ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা, হৃদ্রোগ এবং জরায়ুর অভ্যন্তরীণ আস্তরণ অস্বাভাবিকভাবে পুরু হওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া সন্তান ধারণে জটিলতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে।
তবে PMOS থাকলেই যে সন্তান ধারণ করা সম্ভব হবে না, এমন নয়। সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণের মাধ্যমে এ সমস্যায় আক্রান্ত অনেক নারীই গর্ভধারণ করতে পারেন এবং সুস্থ সন্তান জন্ম দিতে সক্ষম হন।
সুতরাং, PCOS থেকে PMOS নাম পরিবর্তন কোনো নতুন রোগের আবির্ভাব নয়। বরং নারীদের এই পরিচিত সমস্যার হরমোন ও বিপাকীয় দিকগুলোকে আরও গুরুত্ব দিয়ে বোঝানোর উদ্যোগ। মাসিক অনিয়ম, অতিরিক্ত লোম, ব্রণ কিংবা গর্ভধারণে সমস্যার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH), যুক্তরাজ্যের NHS ও The Lancet।
ভোরের আকাশ/জেআ