ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে আরও ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক জন মারা গেছেন। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিন জন এবং সিলেট বিভাগে দুই জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন। আগস্টে এখন পর্যন্ত মারা গেছেন ৩২ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৬৫২ জন।
বাংলাদেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
ভোরের আকাশ/এসএইচ