ডায়ালাইসিস যন্ত্র কেনায় কার স্বার্থ?

কিডনি রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে ডায়ালাইসিস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের ২২টি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে হেমোডায়ালাইসিস মেশিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু রোগীদের আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার পরিবর্তে সাধারণ মানের ডায়ালাইসিস মেশিন কেনার উদ্যোগ ঘিরে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, প্রকল্পের অর্থে উন্নত প্রযুক্তির হিমোডায়াফিল্ট্রেশন (এইচডিএফ) সুবিধাসম্পন্ন মেশিন কেনার সুযোগ থাকলেও একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত পুরোনো প্রযুক্তির মেশিন কেনার উপযোগী করে দরপত্রের শর্ত সাজানো হচ্ছে। এতে প্রকল্প সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষার সুযোগ তৈরি হলেও বঞ্চিত হবেন কিডনি রোগীরা।
বিশেষজ্ঞদের মতে, একজন রোগীর সাধারণ হেমোডায়ালাইসিস (এইচডি) চলাকালে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এইচডিএফ পদ্ধতিতে নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু কেনার পরিকল্পনায় থাকা মেশিনে সেই সুবিধা না থাকলে রোগীকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। অথচ প্রকল্পের বরাদ্দেই আধুনিক এইচডিএফ সুবিধাসম্পন্ন মেশিন কেনার সুযোগ রয়েছে। তাদের প্রশ্ন, রোগীর চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে কেন সীমিত সক্ষমতার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে?
অনুসন্ধানে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জার্মানির ফ্রেজিনিয়াস ৫০০৮এস, বি ব্রাউনের ডায়ালগ+, জাপানের নিপ্রো এনসিইউ-১৮, নিক্কিসোর ডিবিবি-ইএক্স/ডিবিবি-০৭, সুইডেনের গ্যামব্রোর আর্টস ফিজিও প্লাস এবং জাপানের টোরাই টিআর-৮০০০/টিআর-৩৩০০এস-এর মতো বিভিন্ন মডেলে এইচডিএফ বা অনলাইন এইচডিএফ সুবিধা রয়েছে। তবে এ সুবিধা মডেল ও কনফিগারেশনভেদে ভিন্ন হতে পারে। আধুনিক এইচডিএফ পদ্ধতিতে রক্ত থেকে ছোট ও মাঝারি আণবিক বর্জ্য পদার্থের পাশাপাশি বিটা-২ মাইক্রোগ্লোবুলিনের মতো মধ্যম আণবিক ওজনের কিছু টক্সিন অপসারণে অধিক কার্যকারিতা পাওয়া যায়। উপযুক্ত রোগীর ক্ষেত্রে এটি চিকিৎসার ফল উন্নত করতেও সহায়ক হতে পারে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, প্রকল্পে নির্ধারিত অর্থের মধ্যেই উন্নত প্রযুক্তির এইচডিএফ সুবিধাসম্পন্ন মেশিন কেনা সম্ভব। কিন্তু দরপত্রের কারিগরি শর্তে সাধারণ এইচডিএফ মেশিনের বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি মেশিনের মনিটরের আকার ১৫ ইঞ্চি থেকে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে। তাদের আশঙ্কা, এসব শর্তের মাধ্যমে প্রতিযোগিতার ক্ষেত্র সঙ্কুচিত করে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের মেশিন কেনার সুযোগ তৈরি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ওই প্রতিষ্ঠানের পুরোনো মজুদ পণ্য সরবরাহের উপযোগী করেই প্রকল্পের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণের চেষ্টা চলছে।
দরপত্রে তিন দফায় পরিবর্তন: প্রকল্পের দরপত্রের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, শুরু থেকেই কেনাকাটার প্রক্রিয়ায় একাধিকবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফায় ২০২৪ সালের ১৭ অক্টোবর দরপত্র জমা ও খোলার দিন নির্ধারণ করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ওই দরপত্র বাতিল করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রথম দরপত্রে অংশগ্রহণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ৭০ কোটি টাকার কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। পরে তৎকালীন প্রকল্প পরিচালক মন্ত্রণালয় এর বিশেষ অনুমোদন নিয়ে অভিজ্ঞতার শর্ত কমিয়ে দেড় কোটি টাকা করে পুনরায় দরপত্র আহ্বান করেন, যাতে অধিক সংখ্যক দরদাতা অংশগ্রহণ করতে পারে। তখন ১৫ ইঞ্চি মনিটর ও হিমোডায়াফিল্ট্রেশনসহ (এইচডিএফ) মেশিনের জাতীয় দরপত্রের আলোকে একক বাজার মূল্য ছিলো ২১ লাখ টাকা। কিন্তু দ্বিতীয় দফায় দরপত্রটি বাতিল করা হয়।
পরবর্তীতে বাজেট বাড়িয়ে আন্তর্জাতিক দরপত্রে মেশিনের একক বাজার মূল্য করা হয় ২৫ লাখ টাকা। সর্বশেষ দরপত্রে আবারও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবার ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৬০ কোটি টাকার কাজের অভিজ্ঞতার পাশাপাশি অন্তত ১ হাজার ৩০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহ ও স্থাপনের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে, মনিটরের আকার ১৫ ইঞ্চি থেকে কমিয়ে ১০ ইঞ্চি করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মূল বিষয়ে না গিয়ে অর্থাৎ জনস্বার্থ বিবেচনায় না নিয়ে ঠিকাদারের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। ১২টি পৃথক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশোধনী চাওয়া হলেও প্রকল্প পরিচালক সেদিকে কর্ণপাত না করে পূর্বের সকল শর্ত বহাল রেখেছেন। একই প্রকল্পে অভিজ্ঞতার শর্তে এত বড় ব্যবধান কেন; কোন কারিগরি মূল্যায়নের ভিত্তিতে মনিটরের আকার পরিবর্তন করা হলো এবং আগের দরপত্রগুলো বাতিলের যৌক্তিকতা কী? এসব প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। দরপত্রের শর্তে ধারাবাহিক পরিবর্তন প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি করেছে।
তিন বছরের ওয়ারেন্টিতে বাড়বে সরকারের ব্যয়: শুধু মেশিনের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, ওয়ারেন্টির মেয়াদ নিয়েও আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, আগের দরপত্রে মেশিনের ওয়ারেন্টি পাঁচ বছর রাখার বিধান ছিল। সর্বশেষ দরপত্রে তা কমিয়ে তিন বছর করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে শত শত ডায়ালাইসিস মেশিন কেনার ক্ষেত্রে পাঁচ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি নিশ্চিত করা গেলে সরকারের রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো সম্ভব। কারণ, ওয়ারেন্টির মেয়াদ কম হলে পরবর্তী সময়ে যন্ত্রের ত্রুটি মেরামত, যন্ত্রাংশ পরিবর্তন ও কারিগরি সহায়তার জন্য সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। তাই শুধু প্রাথমিক ক্রয়মূল্য নয়, অন্তত পাঁচ থেকে দশ বছরের সম্ভাব্য পরিচালন ব্যয় বিবেচনায় নেওয়া প্রয়োজন।
যন্ত্র কিনলেই সেবা নিশ্চিত হবে না: সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিন কেনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসইনফেকশন ব্যবস্থা, প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য কনজ্যুমেবলসের সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা। বিশেষ করে ফ্রেজিনিয়াসসহ আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের মেশিনের ক্ষেত্রে মডেলভেদে ডিসইনফেকশন প্রটোকল, ব্যবহৃত রাসায়নিক, যন্ত্রাংশের প্রাপ্যতা এবং রক্ষণাবেক্ষণ ব্যয় আলাদাভাবে মূল্যায়ন করা জরুরি।
সংশ্লিষ্টদের মতে, কোনো মেশিনের নির্দিষ্ট রাসায়নিক বা কনজ্যুমেবলসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থাকলে ভবিষ্যতে সরবরাহ সংকট কিংবা মূল্যবৃদ্ধির কারণে হাসপাতালের সেবা ব্যাহত হতে পারে। একইভাবে স্থানীয়ভাবে দক্ষ সার্ভিস ইঞ্জিনিয়ার ও প্রয়োজনীয় স্পেয়ার পার্টস না থাকলে মেশিন বিকল হওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি ব্র্যান্ড ও মডেলের পাঁচ থেকে দশ বছরের টোটাল কস্ট অব ওনারশিপ (টিসিও) তুলনা করা প্রয়োজন। এর মধ্যে ডিসইনফেকশন কেমিক্যাল, নিয়মিত রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস, টেকনিক্যাল সাপোর্ট এবং ওয়ারেন্টি-পরবর্তী সার্ভিসিংয়ের ব্যয় অন্তর্ভুক্ত করতে হবে। শুধু একটি ব্র্যান্ডের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বা প্রাথমিক ক্রয়মূল্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে সরকারকে বড় ধরনের আর্থিক দায় বহন করতে হতে পারে।
প্রকল্প পরিচালকের বক্তব্য: এসব অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এহসানুল করিম বলেন, ‘টেন্ডারে এইচডি মেশিন কেনার কথা বলা হলেও এইচডিএফ সরবরাহ করা যাবে না, এমনটি বলা হয়নি। যাদের ইচ্ছা তারা টেন্ডারে অংশ নিতে পারবেন।’
দরপত্রের শর্ত নিয়ে সরবরাহকারীদের ক্ষোভ এবং অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন। ইতোমধ্যে ১২ জন সরবরাহকারী (তামাম কর্পোরেশন, ট্রেড ভিশন, নিকিসো, বগুড়া ট্রেড সেন্টার, আরপি এন্টারপ্রাইজ, জে এম আই সিরিঞ্জ, বেলাল এন্ড ব্রাদার্স, সানি ট্রেডিং এজেন্সি, টেক ভাইটাল সিস্টেম, ফ্রেসিনিয়াস মেডিকেল কেয়ার, সিমাক ইন্টারন্যাশনাল, মেসার্স সরকার কবীর আহমেদ) সরবরাহকারী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়গুলো বিবেচনা করব। তবে টেন্ডারের শর্তগুলো মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, সরকারি অর্থে চিকিৎসা সরঞ্জাম কেনার মূল উদ্দেশ্য হওয়া উচিত রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা। কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা সরবরাহকারীর সুবিধা নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা, চিকিৎসার কার্যকারিতা, দীর্ঘমেয়াদি ব্যয়, যন্ত্রাংশের সহজলভ্যতা ও স্থানীয় কারিগরি সহায়তার ভিত্তিতে মেশিন নির্বাচন করা প্রয়োজন। তাদের প্রশ্ন, রোগীদের জন্য আধুনিক চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন সেই সুযোগ নিশ্চিত না করে সীমিত সক্ষমতার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে? প্রকল্পের অর্থ ব্যয় হবে, মেশিনও কেনা হবে; কিন্তু রোগীরা যদি প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাহলে এ প্রকল্পের সার্থকতা কোথায়?
ভোরের আকাশ/এসএইচ