ঘুমের মধ্যেই বুঝে নিন ডায়াবেটিসের সতর্ক সংকেত

বর্তমানে ডায়াবেটিস যেন এক পরিচিত রোগে পরিণত হয়েছে। বিশেষ করে টাইপ-টু ডায়াবেটিসের প্রকোপ বেড়েছে আশঙ্কাজনক হারে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও ঘুমের ঘাটতি—এসবই ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
ডায়াবেটিস একবার হলে শরীরের ভেতর ধীরে ধীরে নানা জটিলতা সৃষ্টি করতে পারে। রক্তে অতিরিক্ত গ্লুকোজ হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, চোখের সমস্যা এমনকি স্মৃতিভ্রংশের ঝুঁকি বাড়ায়। তবে আশার কথা হলো, ডায়াবেটিসের লক্ষণ আগেই ধরতে পারলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর এমন কিছু লক্ষণ রয়েছে, যেগুলো ঘুমের সময়ও প্রকাশ পায়।
ঘুমের সময় যেসব লক্ষণ ডায়াবেটিসের ইঙ্গিত দেয়
১. ঘুমিয়েও ক্লান্ত বোধ করা
যথেষ্ট ঘুমের পরও যদি শরীর দুর্বল লাগে বা ঘুম থেকে উঠে সতেজ না লাগে, তাহলে তা ডায়াবেটিসের প্রথম দিককার লক্ষণ হতে পারে। এই রোগ শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করে।
২. রাতের বেলা অতিরিক্ত ঘাম
ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া) ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হতে পারে। এ কারণে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া বা ঘামায় ভেজা বিছানাও দেখা যায়।
৩. ঘন ঘন প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া
ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলো বারবার প্রস্রাব। রক্তে অতিরিক্ত সুগার জমে গেলে শরীর তা মূত্রের মাধ্যমে বের করে দিতে চায়। ফলে রাতের ঘুমের মধ্যে কয়েকবার টয়লেটে যেতে হয়।
৪. ঘুমের সময় তীব্র পিপাসা অনুভব
যেহেতু ডায়াবেটিসে ঘন ঘন প্রস্রাব হয়, তাই শরীর পানিশূন্য হয়ে পড়ে। এতে ঘুমের সময় মুখ শুকিয়ে যায় এবং তীব্র তৃষ্ণা অনুভূত হয়।
৫. হাত-পা ঝিমঝিম বা অসাড় হওয়া
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ধীরে ধীরে স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে হাত-পায়ে অসাড়ভাব, ঝিমঝিম করা বা ছ্যাঁকা লাগার মতো অনুভূতি দেখা দিতে পারে, এমনকি ঘুমের মধ্যেও।
করণীয় কী?
এই লক্ষণগুলো যদি ঘন ঘন দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত ব্লাড সুগার পরীক্ষা করানো উচিত। প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস ধরা পড়লে তা নিয়ন্ত্রণ করা অনেক সহজ।
সুস্থ থাকতে হলে দরকার—
নিয়মিত স্বাস্থ্যকর খাবার
প্রতিদিন হালকা ব্যায়াম
মানসিক চাপ কমানো
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
ভোরের আকাশ//হ.র