কিডনির জন্য উপকারী ৩ ফল

শরীরের বর্জ্য ফিল্টার করা ও বিষাক্ত উপাদান দূর করার কাজ কিডনি করে। তাই কিডনি ভালো রাখতে সহায়ক খাবার খাওয়া খুব জরুরি। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো কিডনির কার্যকারিতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা প্রতিরোধে সাহায্য করে।
এই ফলগুলো ভিটামিন ও খনিজের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে কার্যকর। আবার কিছু ফল কিডনিতে পাথর গঠনের ঝুঁকি কমায়। দেখে নিন কিডনির জন্য উপকারী ৩টি ফল—
আপেল
সাধারণভাবে বলা হয়, প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে। আপেলে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি ও প্রদাহনাশক উপাদান। এতে পটাসিয়ামের মাত্রা কম থাকায় কিডনির জন্য তা উপকারী। নিয়মিত আপেল খেলে কোলেস্টেরল কমে, প্রদাহ নিয়ন্ত্রণ হয় এবং কিডনির ওপর বাড়তি চাপ পড়ে না।
লাল আঙুর
লাল আঙুরে ফ্ল্যাভোনয়েড, রেসভেরাট্রলসহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিডনির প্রদাহ ও জারণজনিত ক্ষতি প্রতিরোধে সহায়ক। গবেষণায় দেখা গেছে, নিয়মিত আঙুর খেলে কিডনির ক্ষয় রোধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত জটিলতা থেকেও সুরক্ষা মেলে।
ডালিম
ডালিমে প্রচুর ভিটামিন, পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান কিডনির টিস্যুতে প্রদাহ কমায় এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। পাশাপাশি ডালিম রক্তপ্রবাহ উন্নত করে ও হৃদ্যন্ত্রকে সুরক্ষা দেয়, যা কিডনির কার্যকারিতার জন্য বিশেষভাবে উপকারী।
ভোরের আকাশ/হ.র