শরীরের প্রয়োজন অনুযায়ী কোন ডাল খাওয়া ভালো?

বাজারে মুগ, মসুর, মটর, ছোলা, কলাইসহ নানা ধরনের ডাল পাওয়া যায়। এসব ডালে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। তবে কোন ডাল কার জন্য বেশি উপকারী তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও স্বাস্থ্য সমস্যার উপর। পুষ্টিবিদরা বলেন, সুষম ডায়েটের অংশ হিসেবে ভাত-ডালের নিয়মিত সেবন শরীরের জন্য ভালো।
মসুর ডাল:
মসুর ডাল প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম ও আয়রনে সমৃদ্ধ। এটি হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ওজন কমাতে সাহায্য করে। লিভারের চর্বি জমতে বাধা দেয়ার ক্ষমতাও রাখে। ওজন কমাতে চাইছেন বা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য মসুর ডাল বিশেষভাবে উপকারী। অন্তঃসত্ত্বা নারীদের আয়রন ও ফোলেটের জন্য মসুর ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
মুগ ডাল:
মুগ ডাল পেটের সমস্যা, গ্যাস বা বুক জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস বা ইউরিক অ্যাসিডের সমস্যায় মুগ ডাল ভালো বিকল্প। দ্রুত মেদ কমাতে চাইলে মুগ ডালও উপকারী।
ছোলার ডাল:
ছোলার ডালে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এটি হজমশক্তি বাড়ায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ছোলার ডাল বিশেষভাবে উপযোগী।
কলাইয়ের ডাল:
কলাইয়ের ডাল প্রোটিন ও ভিটামিন বি-এর ভালো উৎস। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমশক্তি বাড়ায়। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও কলাইয়ের ডাল সহায়ক।
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য সমস্যা ও শরীরের প্রয়োজন অনুযায়ী ডাল বেছে খেলে সুষম পুষ্টি নিশ্চিত করা সম্ভব।
ভোরের আকাশ//হ.র