কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? হতে পারে স্ট্রোকের আগাম সংকেত

হঠাৎ এক চোখে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ঝাপসা দেখা অনেকেই সাধারণ সমস্যা মনে করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এটি কখনও কখনও স্ট্রোক বা গুরুতর রক্তনালির সমস্যার আগাম সতর্কবার্তা হতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
চিকিৎসকদের মতে, এক চোখে হঠাৎ কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে আবার স্বাভাবিক হয়ে গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এটি সাময়িকভাবে চোখের রেটিনায় রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে, যা ভবিষ্যতে স্ট্রোক বা স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকির ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা জানান, এ সময় চোখের সামনে কালো ছায়া বা পর্দা নেমে আসার অনুভূতি হতে পারে। অনেকেই এটিকে ক্লান্তি বা ঘুমের অভাব ভেবে এড়িয়ে যান, যা বিপজ্জনক হতে পারে।
এ ধরনের সমস্যার সঙ্গে মাথা ঘোরা, শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, দুর্বলতা বা কথা বলতে অসুবিধা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত চর্বি, হৃদ্যন্ত্রের অনিয়মিত স্পন্দন, ঘাড়ের রক্তনালি সরু হয়ে যাওয়া বা রক্ত জমাট বাঁধার কারণে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।
প্রয়োজনে চোখ ও রেটিনার পরীক্ষা, রক্তচাপ, রক্তে শর্করা ও চর্বির মাত্রা, ঘাড়ের রক্তনালির আল্ট্রাসনোগ্রাফি, হৃদ্যন্ত্র এবং মস্তিষ্কের বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের পরামর্শ, এমন উপসর্গকে কখনোই অবহেলা করা উচিত নয়। সময়মতো চিকিৎসা নিলে ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোক ও স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
ভোরের আকাশ/এনএ