বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা

স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং পেশাগত উৎকর্ষকে সম্মান জানানোর মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্কুল অব ফার্মেসির উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Empowering Pharmacists for Healthier Futures”।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ফার্মাসিস্ট, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও ফার্মেসি পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। তাঁদের অসামান্য অর্জন, পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষা ও নিয়ন্ত্রক সংস্থায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা; এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব কে. এম. মোজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের কর্মসূচি শুরু হয়। পরে ইউএপি অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত এবং ইউএপি ফার্মেসি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জেবুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে ইউএপি স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ইউএপি ও স্কুল অব ফার্মেসির বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য ও অর্জন তুলে ধরেন।
ভোরের আকাশ/ এনউব