ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২১১ জনের মৃত্যু হলো এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০,১০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১১৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২৪১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬ জন, খুলনায় ১৩০ জন, ময়মনসিংহে ৩৭, রংপুরে ৪৪ এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৫৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল ছেড়েছেন।
২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
ভোরের আকাশ/আ.র