স্বাস্থ্য প্রশাসন

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির গুরুতর দিক তুলে ধরছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার (৩ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে নয়জন হামের উপসর্গে এবং একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে (১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং ২৪৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৪০ হাজার ৪৯১ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এখানে হাম ও হাম-সন্দেহে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ভোরের আকাশ/সু.পা

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ