স্বাস্থ্য প্রশাসন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামে এবং বাকি সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। হিসাবটি রোববার (০৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (০৮ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৫৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকায় দুইজন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ৮০ হাজার ১০৪ জনে পৌঁছেছে।

ভোরের আকাশ/সু.পা