স্বাস্থ্য প্রশাসন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে : ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের ঘটনা সরকার চায় না। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হামলার খবর পেয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। তবে রাতে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এ ঘটনায় মামলা হয়েছে ও তদন্ত চলছে। বিভিন্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাঙচুরের পর সেখানে টিকাদান কর্মসূচি চালু রাখা যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, সেখানে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা দেওয়া হবে।

দীর্ঘ সময় ধরে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন কেন তা ঠেকাতে পারেনি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে পুরোপুরি কোনো ভবন ছিল না, টিনশেডের মতো একটি স্থাপনা ছিল। তবে যে-ই এ ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের কোনো ধরনের সমর্থন নেই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে এ ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার দাবি করেছেন, ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।

 

ভোরের আকাশ/সু.পা

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে : ডিএনসিসি প্রশাসক | স্বাস্থ্য কথা