৪-৫ দিনের মধ্যে হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
দেশে হামের বর্তমান পরিস্থিতি শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই সংক্রমণ কমে আসতে পারে। পাশাপাশি সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার (৪ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করা গেলে কেন্দ্রীয় হাসপাতালগুলোর ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। হামের প্রকোপ মোকাবিলায় ইতোমধ্যে বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ওয়ার্ড বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, একটি ভ্যাকসিন কার্যকর হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তবে চলমান উদ্যোগের ফলে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
টিকা সংকটের বিষয়ে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রাখা হয়নি। তবে বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বিভিন্ন বন্ধুরাষ্ট্র ও দাতা সংস্থা সহযোগিতা করছে। এরই অংশ হিসেবে আগামী ৬ মে বড় পরিসরে ভ্যাকসিনের একটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।
সেমিনারে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



