স্বাস্থ্য সেবা

আবাসন খাতে যুক্তদের উন্নত সাশ্রয়ী চিকিৎসায় রিহ্যাব ও এভারকেয়ারের সমঝোতা চুক্তি

ছবি: সংগৃহীত

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং এভারকেয়ার হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। রিহ্যাবের পক্ষে প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা এভারকেয়ার হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য চিকিৎসা সেবায় বিশেষ করপোরেট সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে।

অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, “আবাসন শুধু ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান, নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও রিহ্যাবের দায়িত্বের অংশ।” তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা সদস্যসেবাকে আরও সমৃদ্ধ করবে। একটি সুস্থ কর্মশক্তি টেকসই ও শক্তিশালী আবাসন শিল্প গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত বলেও উল্লেখ করেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক ও করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান এ এম আবুল কাশেম রনি বলেন, “এভারকেয়ার হাসপাতালের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করা। রিহ্যাবের মতো দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সংগঠনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের কাছে উন্নত চিকিৎসাসেবা বিশেষ করপোরেট সুবিধায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।” তিনি আরও বলেন, এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী উপস্থিত ছিলেন। এভারকেয়ার হাসপাতালের পক্ষে করপোরেট মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক মো. ইফতেখার হোসেন, সহকারী ব্যবস্থাপক ইয়ামিন আরা আঞ্জিলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের এই সমঝোতা সদস্যকল্যাণ, করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের জন্য উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে আশা করছে দুই প্রতিষ্ঠান।

ভোরের আকাশ/সু.পা

আবাসন খাতে যুক্তদের উন্নত সাশ্রয়ী চিকিৎসায় রিহ্যাব ও এভারকেয়ারের সমঝোতা চুক্তি | স্বাস্থ্য কথা