স্বাস্থ্য প্রশাসন

আদ্-দ্বীনের চিকিৎসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের

ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকায় রোববার (২২ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ার পারসন শিরীন পারভিন হক তার স্বাক্ষরিত এক চিঠিতে আদ্-দ্বীন হাসপাতালের প্রতি সংহতি প্রকাশ করেছে। হাসপাতালটির স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ থাকার কারণে স্বল্প আয়ের মানুষরা সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ্য করেন। একইসঙ্গে রোগীবান্ধব এ হাসপাতালের কার্যক্রম আইনসিদ্ধ উপায়ে অতিদ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে শিরীন পারভিন হক।

চিঠিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতালে দীর্ঘদিন ধরে সীমিত ও স্বল্প আয়ের লাখো দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচিত নয় বলে মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র।

চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত হাসপাতালটির এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের মতে, সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পুনরায় দ্রুত চালু হওয়া প্রয়োজন। চিঠিতে একইসঙ্গে গরিব মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

আদ্-দ্বীনের চিকিৎসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ