স্বাস্থ্য প্রশাসন

বাদ পড়াদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি ২৬ সেপ্টেম্বর শুরু : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে টিকা পায়নি বা কোনো কারণে বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে। পাশাপাশি কর্মসূচি চলাকালে ৬ মাস বয়সে পৌঁছানো এবং টিকা নেওয়ার উপযুক্ত নতুন শিশুদেরও টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টি ও অন্যান্য জটিলতার কারণে নিউমোনিয়াসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে।

ডেঙ্গু ও হাম পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দুই রোগের চিকিৎসায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। দেশে স্যালাইনের কোনো ঘাটতি নেই। জরুরি পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে মোবাইল হাসপাতাল ও সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গুর অধিকাংশ চিকিৎসা উপজেলা পর্যায়েই দেওয়া সম্ভব। তবে অনেক রোগী সরাসরি টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে চলে আসায় এসব হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় ও ইউনিসেফের সহযোগিতায় গত ১০ সেপ্টেম্বর প্রায় ৪৩ লাখ ডোজ এমআর টিকা দেশে এসেছে। বর্তমানে দেশে মোট ৫৮ লাখ ডোজ টিকা মজুত রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

বাদ পড়াদের নিয়ে হামের টিকাদান কর্মসূচি ২৬ সেপ্টেম্বর শুরু : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা