স্বাস্থ্য সেবা

বিএমইউতে নিনমাসের নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন

ছবি: সংগৃহীত

গবেষণা, শিক্ষা এবং রোগ নির্ণয় সেবাকে আরও আধুনিক ও গতিশীল করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাসে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস)-এ একটি নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে এসব নতুন সুবিধার উদ্বোধন করা হয়। একই দিন বিএমইউর ডি ব্লকের ১১তম তলায় নিনমাসের আধুনিক ক্যান্টিন ‘নিউক্লিয়ার ক্যাফে’রও উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ অডিটোরিয়ামে এক মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিনমাসের বর্তমান ও সাবেক অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, রেসিডেন্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে নিনমাসের কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. পাপড়ি মুৎসুদ্দী এবং অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

বক্তারা বলেন, নিউক্লিয়ার মেডিসিন শুধু রোগ নির্ণয় নয়, আধুনিক চিকিৎসা, গবেষণা ও মানবকল্যাণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাসেবার সমন্বয়ে এই শাখা দেশের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের নিউক্লিয়ার মেডিসিনের পথিকৃৎ অধ্যাপক ডা. এম এ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবায়ন করা আধুনিক গ্রন্থাগারের নাম রাখা হয় ‘ডা. এম এ করিম গ্রন্থাগার’।

নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা কার্যক্রমও নতুন গতি পেয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। ভবিষ্যতে রোগীসেবা, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে নিনমাসের সাবেক অধ্যাপক, চিকিৎসক ও বিজ্ঞানীরা তাঁদের কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পরে ‘নিউক্লিয়ার ক্যাফে’তে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ভোরের আকাশ/সু.পা

বিএমইউতে নিনমাসের নতুন রিসার্চ সেল ও আধুনিক গ্রন্থাগারের উদ্বোধন | স্বাস্থ্য কথা