বিশেষ

বিশ্বে এক বছরে হেপাটাইটিস-বি কমেছে ৩২ শতাংশ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রাণঘাতী সংক্রামক রোগ হেপাটাইটিসবি’র সংক্রমণ ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন হিসাবে এই রোগে আক্রান্তের হার কমেছে প্রায় ৩২ শতাংশ। একই সময়ে হেপাটাইটিস সি ভাইরাসজনিত মৃত্যুর হারও কমেছে প্রায় ১২ শতাংশ।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে তাদের বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট’, যেখানে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি ও সি মিলিয়ে প্রায় ১৮ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং ওই বছর মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১৩ লাখ ৪০ হাজার।

প্রতিবেদনে আরও জানানো হয়, এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিসে আক্রান্তের হারও কমেছে। বর্তমানে এই হার দাঁড়িয়েছে ০.৬ শতাংশে। ডব্লিউএইচও আশা প্রকাশ করেছে, ২০৩০ সালের মধ্যে এটি ০.১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে দেখিয়েছে যে হেপাটাইটিস নির্মূল করা সম্ভব। তার মতে, রাজনৈতিক প্রতিশ্রুতি ও পর্যাপ্ত অর্থায়ন একসঙ্গে হলে এই রোগ পুরোপুরি নির্মূল করা বাস্তবসম্মত লক্ষ্য।

তবে তিনি সতর্ক করে বলেন, অনেক দেশ এখনো পর্যাপ্ত গতিতে কাজ করছে না, ফলে এই প্রচেষ্টায় গতি বাড়ানো জরুরি।

অন্যদিকে, প্রতিবেদনে উদ্বেগের বিষয় হিসেবে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী বা ক্রনিক হেপাটাইটিস বি ও সি-তে আক্রান্ত রোগীদের বড় অংশ এখনও প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। ২০২৪ সালে বিশ্বে প্রায় ২ কোটি ৮৭ লাখ মানুষ এই দীর্ঘস্থায়ী রোগে ভুগলেও তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ চিকিৎসার আওতায় আসতে পেরেছেন।

সব মিলিয়ে, সংক্রমণ ও মৃত্যুহার কমে আসা আশাব্যঞ্জক হলেও চিকিৎসা ও সেবায় ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ভোরের আকাশ/সু.পা

বিশ্বে এক বছরে হেপাটাইটিস-বি কমেছে ৩২ শতাংশ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ