বৃষ্টির জলাবদ্ধতায় ঢামেকের জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও সড়কের দুরবস্থার প্রভাব পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসাসেবাতেও। অন্যান্য দিনের তুলনায় হাসপাতালটির জরুরি বিভাগে রোগীর উপস্থিতি কমেছে প্রায় ২০ শতাংশ।
বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। একই সঙ্গে সমস্যায় পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও। এদিন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কেও জলাবদ্ধতা দেখা যায়।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লেগেছে। তবে নানা ভোগান্তি পেরিয়েও তারা হাসপাতালে এসে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ রোববার (১২ জুলাই) বিকেলে জানান, বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় জরুরি বিভাগে প্রায় ২০ শতাংশ রোগী কম এসেছে।
তিনি বলেন, প্রতিদিন ২৪ ঘণ্টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে গড়ে দেড় হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। সাধারণত বিকেল থেকে রাতের মধ্যে রোগীর চাপ বেশি থাকে। তবে আজ সকাল ও দুপুরে অন্যান্য দিনের তুলনায় রোগীর সংখ্যা আরও কম ছিল।
ডা. মোস্তাক আহমেদ বলেন, “শুধু রোগীরাই নন, হাসপাতালের কর্মীদেরও দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে আসতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।”
তিনি আরও বলেন, বৃষ্টির কারণে পুরো শহরে যানজট সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং কর্মীদের হাসপাতালে পৌঁছাতে বেশি সময় লেগেছে। তারপরও সবাই কষ্ট স্বীকার করে রোগীদের সেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়েছেন।
ভোরের আকাশ/সু.পা



