স্বাস্থ্য প্রশাসন

ব্যারিস্টার আব্দুস সালাম রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান

বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নং আদেশ) এর ১০ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।

শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। রোববার (২১ জুন) সকালে তিনি সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করবেন বলে জানা গেছে।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ মাহমুদ মিয়া এবং মাতা মরহুমা আলহাজ মাইমুন নেছা।

তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট-ল সম্পন্ন করেন। এছাড়া লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে PgDPL এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশার পাশাপাশি মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসনের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্সের প্রধান উপদেষ্টা।

শিক্ষা, মানবাধিকার ও সমাজকল্যাণে অবদানের জন্য তিনি পরিচিত। তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল (এলভিআই)-এর প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক। তাঁর উদ্যোগে সিলেটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ব্যারিস্টার আব্দুস সালাম রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ