চিকিৎসাবঞ্চিত হয়ে কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
বাংলাদেশে কোনো নাগরিক যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান, সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত থাকবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয় তা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতের সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সাখাওয়াত হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড, সার্বভৌম রাষ্ট্র এবং নিজস্ব সরকার পেয়েছে। এই অর্জনের মূল্য কখনোই ভোলার নয়।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে না নিলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। আজ যারা রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, বিচারব্যবস্থা, চিকিৎসা কিংবা সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাঁদের অনেকেরই সেই সুযোগ সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
নিজের যুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন একটি গ্রুপের কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধের বিভীষিকা খুব কাছ থেকে দেখেছেন। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের বর্বরতা, সাধারণ মানুষের ওপর নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিতে রাজাকারদের ভূমিকার নানা ঘটনার স্মৃতিচারণ করেন তিনি।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। স্বাধীনতার চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



