স্বাস্থ্য প্রশাসন

বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর প্রস্তাব

চিকিৎসকদের নিরাপত্তায় আনসার মোতায়েনের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে দেশের প্রায় ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগ-এ বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যা যৌথ সার্জারি ক্লিনিক চালুর পথকে আরও সুগম করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। এর মাধ্যমে বিশেষ করে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই সমঝোতা শুধু দুটি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব নয়, বরং চিকিৎসা শিক্ষা, সার্জারি ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং স্বাস্থ্যখাতে এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। তিনি জানান, রোবোটিক রিহ্যাবিলিটেশন ও কার্ডিওভাসকুলার চিকিৎসাসহ আধুনিক স্বাস্থ্যসেবায় চীনের সহায়তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই সমঝোতা দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে জটিল সার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। শুরুতে ইউরোলজিক্যাল জটিল সার্জারি সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য জটিল সার্জারি অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা শিক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর লি জিয়ংমিং, ডাইরেক্টর লি ওয়েনলিয়াং এবং ভাইস প্রেসিডেন্ট হি ইয়ংওয়েনসহ সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

চিকিৎসকদের নিরাপত্তায় আনসার মোতায়েনের উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ