চিকিৎসক

ডেঙ্গু মোকাবিলায় ল্যাবএইডে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে ল্যাবএইডে অনুষ্ঠিত হয়েছে একটি তথ্যবহুল সেমিনার। “BEAT DENGUE: Awareness, Action and Prevention” শীর্ষক এই আয়োজনে চিকিৎসক, নার্স এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুমন চন্দ্র রায়। প্রবন্ধ উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম এবং ডা. নূর মোহাম্মদ। তারা ডেঙ্গুর প্রতিরোধ, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ল্যাবএইডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ল্যাবএইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ দাউদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধান লক্ষ্য হওয়া উচিত—একজন রোগীরও মৃত্যু যেন না ঘটে তা নিশ্চিত করা। তিনি দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

সেমিনার শেষে মূল প্রবন্ধ উপস্থাপক ডা. সুমন চন্দ্র রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গু মোকাবিলায় ল্যাবএইডে বিশেষ সেমিনার অনুষ্ঠিত | স্বাস্থ্য কথা