শ্রমজীবীদের চিকিৎসায় শ্যামপুরে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা
দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ঢাকার শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ জন্য ফিজিবিলিটি স্টাডি করে দ্রুত জেনারেল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতাল ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন তিনি। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য জয়নাল আবেদীন তাঁর নির্বাচনী এলাকার চিকিৎসাসংকট তুলে ধরে বলেন, ঢাকা-৪ আসনে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। তাঁদের অধিকাংশই নিম্ন আয়ের ও শ্রমজীবী। এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার মতো কোনো সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। অন্যান্য হাসপাতালের বর্তমান অবস্থা ও স্থানীয় মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় তিনি একটি আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে গত ২৩ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছেন, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী এলাকার কাছাকাছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালসহ কয়েকটি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নতুন হাসপাতাল নির্মাণ কিংবা শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও পরিচালন ব্যয়সহ আনুষঙ্গিক বিষয়গুলোও বিবেচনায় নিতে হয়।
তিনি জানান, আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী দপ্তরে এলে তাঁর সঙ্গে আলোচনা করে হাসপাতাল নির্মাণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া দেশের ঘনবসতিপূর্ণ ও শ্রমজীবী মানুষ অধ্যুষিত ছয়টি এলাকায় ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। শ্যামপুরের বিষয়টিও দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফিজিবিলিটি স্টাডির জন্য সুনির্দিষ্ট সময় জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে দেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছিল এবং মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল। বর্তমান সরকার অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা সংযোজন করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান ৫০ শয্যার সঙ্গে আরও ১০০ শয্যা যুক্ত করে ১৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ কার্যক্রমের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
ভোরের আকাশ/সু.পা



