স্বাস্থ্য সেবা

সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় বিএইচএইচের নতুন ডায়াগনস্টিক সেন্টার

ছবি: সংগৃহীত

আর্থিক অসচ্ছলতা যেন চিকিৎসা পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্য নিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ)। এখানে সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) মাধ্যমে এ সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের বাকলিয়ায় বিএইচএইচের নতুন ডায়াগনস্টিক সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে মিরসরাই ও চট্টগ্রামে বিএইচএইচের কার্যক্রম চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী, পরিচালক আবদুল কাদির জোহায়ের ও উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।

বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় স্থাপিত ডায়াগনস্টিক সেন্টারটির আয়তন ৩ হাজার ৯৮৮ বর্গফুট। আগামী ২১ নভেম্বর থেকে এখানে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ, বিভিন্ন রোগনির্ণয় পরীক্ষা ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হবে। রোগীরা বিএইচএইচের মেডিকেল অফিসারদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ পাবেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধা থাকবে। পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবাও চালু করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আর্থিক সংকটের কারণে অনেক ব্যক্তি ও পরিবার সময়মতো চিকিৎসা নিতে পারেন না। এক ছাদের নিচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে চিকিৎসার আর্থিক চাপ কমানো এবং সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ উদ্যোগের মাধ্যমে সমাজকল্যাণ ও জনসেবায় বিএসআরএম গ্রুপের অঙ্গীকার আরও বিস্তৃত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বাড়ানো ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসার সুযোগ তৈরিতে নতুন ডায়াগনস্টিক সেন্টারটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ভোরের আকাশ/সু.পা