ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় জাতীয় ক্রীড়া পরিষদ-ল্যাবএইড চুক্তি

ছবি: সংগৃহীত
দেশের ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ল্যাবএইড গ্রুপ। এ চুক্তির ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের বিভিন্ন হাসপাতাল ও টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।
রোববার (২২ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে খেলোয়াড়রা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা পাওয়ার পাশাপাশি অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।
ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা গেলে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন।
চুক্তির আওতায় ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন ক্রীড়া কার্ডধারীরা। এ ছাড়া সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসাউন্ডসহ নির্দিষ্ট পরীক্ষায় মিলবে ১৫ শতাংশ ছাড়। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতালেও প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগীদের বেড চার্জে বিশেষ ছাড় দেওয়া হবে।
অন্যদিকে, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে নিতে পারবেন।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ আরও সহজ হবে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাঁদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি করবে।
ভোরের আকাশ/সু.পা



