স্বাস্থ্য সেবা

ওষুধ আবিষ্কারে বিপ্লব ঘটাচ্ছে এআই, কমছে গবেষণার সময়

ছবি: সংগৃহীত

ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রচলিত প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের দাবি, এআই ব্যবহারে নতুন ওষুধের অণু তৈরি, সম্ভাবনাময় উপাদান বাছাই ও নিরাপত্তা যাচাইয়ের কাজ আগের তুলনায় অনেক দ্রুত করা যাচ্ছে। এতে প্রাথমিক পর্যায়ের ওষুধ উন্নয়নে সময় প্রায় অর্ধেক কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, আগে নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়ার নথি তৈরির মতো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে এআইয়ের ব্যবহার সীমিত থাকলেও এখন পরিস্থিতি বদলেছে। নতুন অণুর নকশা তৈরি, সম্ভাবনাময় অণু নির্বাচন এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্ত করতেও এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকার নির্বাহী শ্যারন বার বলেন, ‘ওষুধ আবিষ্কার থেকে শুরু করে উন্নয়ন পর্যন্ত প্রক্রিয়ার এমন কোনো পর্যায় নেই, যেখানে আমরা এআই ব্যবহার করছি না।’

বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের এআইভিত্তিক কর্মসূচি ইতোমধ্যে বাস্তব ফল দিতে শুরু করেছে। নোভার্টিসের এআই টুল কিডনি রোগের চিকিৎসায় অগ্রাধিকার পাওয়ার মতো পাঁচটি সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করেছে।

নোভার্টিসের বায়োমেডিকেল রিসার্চ বিভাগের প্রেসিডেন্ট ফিওনা মার্শাল জানান, কোনো প্রকল্প শুরু থেকে সম্ভাব্য ওষুধ তৈরি পর্যন্ত গড় সময় তিন বছর থেকে কমে প্রায় ১৮ মাস থেকে দুই বছরে নেমে এসেছে। তাঁর ভাষায়, ‘আমাদের কাছে প্রচুর ডেটা ছিল। এখন আমরা সেই ডেটা আরও উন্নত উপায়ে কাজে লাগাতে পারছি।’

সানোফি প্রাথমিক পর্যায়ের জীববিজ্ঞানসংক্রান্ত তথ্যকে ক্লিনিক্যাল সিদ্ধান্তে রূপান্তর করতে এআই-সক্ষম পদ্ধতি ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হাঁপানির চিকিৎসায় একটি ওষুধ তৈরির ক্ষেত্রে এ প্রযুক্তি অন্তত এক বছর সময় বাঁচিয়েছে। এর ফলে ডোজ নির্ধারণের একটি গবেষণাধাপ এড়িয়ে যাওয়াও সম্ভব হয়েছে।

সানোফির গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের কম্পিউটেশনাল ও এআই কৌশলের বৈশ্বিক প্রধান ম্যাট ট্রুপো আশা করছেন, আগামী দুই বছরের মধ্যে এআইয়ের ব্যবহারে ১০০টিরও বেশি ওষুধ উন্নয়ন কর্মসূচিতে প্রাথমিক আবিষ্কারের সময় ২০ থেকে ২৫ শতাংশ কমানো সম্ভব হবে। পাঁচ বছরের মধ্যে এ সময় অর্ধেকে নেমে আসতে পারে বলেও তাঁর ধারণা।

এদিকে ব্রিস্টল মায়ার্স জানিয়েছে, এআই সিস্টেমের সহায়তা ছাড়া তাদের সিকেল সেল অ্যানিমিয়ার একটি পরীক্ষামূলক ওষুধ তৈরি করা সম্ভব হতো না। প্রতিষ্ঠানটির প্রধান গবেষণা কর্মকর্তা রবার্ট প্লেন্জ বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হলো এসব মডেলকে ল্যাবরেটরি অটোমেশনের সঙ্গে যুক্ত করা, যাতে আরও উন্নত মানের অণু দ্রুত তৈরি করা যায়।’

নোভো নরডিস্ক জানিয়েছে, এআই ব্যবহারে নতুন অণুর নকশা তৈরি, উৎপাদন ও পরীক্ষার চক্রের সংখ্যা প্রায় আটটি থেকে কমে তিনটিতে নেমে এসেছে। একই সঙ্গে প্রতিটি চক্র সম্পন্ন করতে সময় লাগছে আগের আট সপ্তাহের বদলে চার সপ্তাহ।

চলতি বছরের মার্চে গবেষকেরা ৬৯টি কোম্পানির অধীনে ১২৯টি সম্ভাব্য এআই-নির্ভর ওষুধের সন্ধান পেয়েছেন। আট মাস আগে এ সংখ্যা ছিল প্রায় ১১৭। তবে এসব ওষুধের বেশিরভাগই এখনো উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ঐতিহাসিকভাবে প্রচলিত পদ্ধতিতে তৈরি প্রতি ১০টি ওষুধের প্রায় ৯টিই ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যর্থ হয়। শিল্প খাতের লবি গ্রুপ ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অব আমেরিকার (PhRMA) তথ্য অনুযায়ী, একটি ওষুধ বাজারে আনতে শত শত কোটি ডলার ব্যয় এবং ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

তবে এআইয়ের ব্যবহার বাড়লেও নতুন ওষুধের সফলতা বা অনুমোদনের গতি নিয়ে এখনো সতর্ক বিজ্ঞানীরা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ফেলো ড. ওয়াকাস হক বলেন, আগামী এক থেকে তিন বছরের মধ্যে প্রাক-ক্লিনিক্যাল পর্যায় থেকে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া এআই-নির্ভর ওষুধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এসব ওষুধ প্রচলিত পদ্ধতিতে তৈরি ওষুধের চেয়ে বেশি সফল হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

তাঁর মতে, এআইয়ের সহায়তায় ওষুধ তৈরি দ্রুত হলেও মানবদেহে পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনপ্রক্রিয়ার মতো বিষয়গুলোতে সময় লাগবে। ফলে এআই ব্যবহারের কারণে ওষুধের অনুমোদনও দ্রুত হবে, এমন নিশ্চয়তা নেই।

অন্যদিকে লিলির টিউনল্যাব পরিচালনাকারী আলিজা অ্যাপল মনে করেন, এআই দিয়ে সব রোগ নিরাময়ের মতো দাবি প্রযুক্তিটির বর্তমান সক্ষমতাকে অতিরঞ্জিত করে। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি এবং অ্যালফাবেটের আইসোমরফিক ল্যাবসের প্রতিষ্ঠাতাদের এ ধরনের আশাবাদী বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তারা যদি একজন মানুষকেও সুস্থ করতে পারে, সেটিই অনেক বড় অর্জন। এরপর বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে।’

এদিকে ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে নিজেদের ভূমিকা আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। এ সপ্তাহে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী, অংশীদার কিংবা উভয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার নাসডাকে শেয়ার লেনদেন শুরুর আগে অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি জানান, তাঁর বাবা একটি রোগের নিরাময় আবিষ্কারের ঠিক আগে মারা গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এআইয়ের মাধ্যমে এসব প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করা সম্ভব। আমরা আশা করি, ভবিষ্যতে কমসংখ্যক পরিবারকেই কয়েক বছর ধরে চিকিৎসার অপেক্ষায় থাকতে হবে।’

ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যালামনাই ভেঞ্চারসের জ্যেষ্ঠ কর্মকর্তা লুকা জিয়ানি বলেন, অ্যানথ্রোপিক ও এর প্রতিদ্বন্দ্বী উন্নত এআই গবেষণাপ্রতিষ্ঠানগুলো আরও বেশি ডেটা সংগ্রহ এবং কোম্পানি অধিগ্রহণের চেষ্টা করছে। তাঁর মতে, এ ক্ষেত্রে যা ঘটছে, তা কেবল শুরু।

লিলির আলিজা অ্যাপলও এআই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর সম্পর্কের পরিবর্তনের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘শুরুর দিকে আমরা তাদের বিক্রেতা হিসেবেই দেখতাম। কিন্তু ধীরে ধীরে সহযোগী হিসেবে বিবেচনা করছি। এক বছর আগেও তারা কোনো কর্মসূচি পরিচালনা করছিল না। আর এখন থেকে এক বছর পর কী হবে, তা কেউ বলতে পারে না।’

তবে সহযোগিতার সম্পর্ক তৈরি হলেও ব্রিস্টল মায়ার্স, নোভো নরডিস্ক ও সানোফি তাদের নিজস্ব ডেটা এআই কোম্পানিগুলোর হাতে তুলে দিচ্ছে না। কয়েকজন বিজ্ঞানীর মতে, কয়েক দশকের ওষুধ আবিষ্কারের অভিজ্ঞতা এবং নিজস্ব ডেটার কারণেই এসব প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের মতো প্রযুক্তি কোম্পানির তুলনায় এগিয়ে রয়েছে। সানোফির ম্যাট ট্রুপো এ বিষয়ে সতর্ক করে বলেন, ‘মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডেটা না থাকলে এটি খুব দ্রুত অকার্যকর হয়ে পড়ে।’ সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/সু.পা