স্বাস্থ্য সেবা

ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কোনো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং জটিল রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করার লক্ষ্যে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা) কার্যক্রম চালু করবে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ কর্মসূচি বাস্তবায়নে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, যার ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রাথমিকভাবে শনাক্তের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেবেন, যাতে রোগের শুরুতেই চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা বিশেষ স্বাস্থ্যসেবা বক্স নিয়ে মানুষের বাড়িতে যাবেন। সেখানে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইল পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ঘরে বসেই করার সুযোগ থাকবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। একটি জ্ঞানভিত্তিক, সমৃদ্ধ ও সুস্থ জাতি গড়ে তুলতে জনসচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। জন্মের পর অনেক শিশু প্রকৃতির দেওয়া সর্বোত্তম পুষ্টি মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। মায়েদের কর্মব্যস্ততা, অবহেলা এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে যাচ্ছে, যা শিশুদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়াচ্ছে।

অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/সু.পা

ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা