স্বাস্থ্য প্রশাসন

হাম আতঙ্কের মধ্যেই দেশজুড়ে ভাইরাস জ্বরের প্রকোপ, আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যেই নতুন করে বাড়ছে মৌসুমি ভাইরাসজনিত জ্বর। ঋতু পরিবর্তনের কারণে ঘরে ঘরে জ্বরের রোগী বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হাম, ডেঙ্গু ও ভাইরাস জ্বরের উপসর্গ প্রায় একই হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন।

তবে চিকিৎসকরা বলছেন, সব জ্বরই হাম বা ডেঙ্গু নয়। সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ ছাড়া আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে শুধু শিশুরাই নয়, বড়রাও ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ বলেন, পরিবারে একজন আক্রান্ত হলে দ্রুত অন্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন।

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা সুমাইয়া হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার ছোট মেয়েও একই উপসর্গে আক্রান্ত হয়। পরিবারের সদস্যরা প্রথমে ডেঙ্গু ও হামের আশঙ্কা করলেও চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে মৌসুমি ভাইরাস জ্বর বলে ধারণা করছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭৩ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ১ হাজার ২৮১ জন। তাদের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪ জন। ঢাকার হাসপাতালগুলোতেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের আইসোলেশন সেন্টারে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

হাম আতঙ্কের মধ্যেই দেশজুড়ে ভাইরাস জ্বরের প্রকোপ, আরও ৭ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা