স্বাস্থ্য প্রশাসন

হামে আক্রান্ত ৭৪ শতাংশই টিকা পায়নি: মহাপরিচালক

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, দেশে হামে আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের ৭৪ শতাংশই কোনো টিকা পায়নি। এছাড়া আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ মাত্র একটি ডোজ টিকা পেয়েছে। বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মহাপরিচালক বলেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। তিনি বলেন, “কোনো শিশুই টিকার বাইরে থাকবে না।”

তিনি আরও জানান, দেশে বর্তমানে হামের সংক্রমণ ‘পিক’ বা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তবে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ৩০টি উপজেলাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছিল, সেখানে সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে।

হামে আক্রান্ত রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সব হাসপাতালেই আইসোলেশন ব্যবস্থা রয়েছে, তাই অপ্রয়োজনীয় স্থানান্তরের দরকার নেই।

এদিকে রুটিন ইপিআই টিকা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে মহাপরিচালক বলেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতি চলছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ২২৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৪৭ শিশু। এ সময়ে মোট ৪ হাজার ৯৪৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩৫ হাজার ৯৮০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৪ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে ২০ হাজার ৮২২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ভোরের আকাশ/সু.পা

হামে আক্রান্ত ৭৪ শতাংশই টিকা পায়নি: মহাপরিচালক | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ