হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮০টি শিশু। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৭ শিশুর প্রাণহানি ঘটেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৭ শিশু। একই সময়ে ৯০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন। এ সময়ে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
ভোরের আকাশ/সু.পা



