স্বাস্থ্য প্রশাসন

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি ও গ্রেড সুবিধা দিতে নীতিগত সম্মতি

ছবি: সংগৃহীত

৬ দফা দাবিতে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচির মধ্যেই স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ইন্টার্ন চিকিৎসকদের একটি প্রতিনিধিদল। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের বেসিক অনুযায়ী ২২ হাজার টাকা নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে ২০ হাজার টাকা। একই সঙ্গে এফসিপিএস চিকিৎসকদের কোনো ইনক্রিমেন্ট ছাড়াই নবম গ্রেডের সব সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধি দলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সিদ্ধান্তগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আগামী বাজেটে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন।

প্রতিনিধি দলের সদস্যরা আরও জানান, তাদের অন্যান্য দাবিগুলো নিয়েও দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে যৌথ প্রেস ব্রিফিংয়েরও কথা রয়েছে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠকটি শুরু হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

প্রতিনিধিদলে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. মোস্তফা আমির ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ডা. আল মেয়ান শেখ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের সমন্বয়ক ডা. মো. ফজলে এলাহী তারুণ ও ডা. সাব্বির হোসাইন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তানজিম মাহফুজ মজুমদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তানভীর আহমেদ তৌকির, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাকিব হোসাইন ও সাধারণ সম্পাদক ডা. জামান মোহাম্মদ নুরশাদ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মিসবাহুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মুসফিকুল ইসলাম রাফিন।

এর আগে ৬ দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন দেশের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার বিভিন্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। ইন্টার্নদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচিও চলছে। একই দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে যোগ দেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও।

চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে নির্ধারণ, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডে উন্নীত করা, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন-২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

ভোরের আকাশ/সু.পা

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি ও গ্রেড সুবিধা দিতে নীতিগত সম্মতি | স্বাস্থ্য কথা