জনস্বাস্থ্য সুরক্ষায় টিকা ও ডেঙ্গু প্রতিরোধে জোর স্বাস্থ্য কমিটির

ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা ও গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও স্যাটেলাইট ক্লিনিক আরও জোরদার করার পাশাপাশি সামগ্রিকভাবে চিকিৎসাসেবার মানোন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কাঠামো, কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে জানানো হয়, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়ানোর কার্যক্রম চলছে। পাশাপাশি জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগও অব্যাহত রয়েছে।
এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা এবং শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনে ‘শিশু স্বর্গ’ কার্যক্রম সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুতের ব্যবহার, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানানো হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার ও মাহমুদা আলম মিতু অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



