স্বাস্থ্য প্রশাসন

জুলাই অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের বদলি-ওএসডিতে এনডিএফের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে আহত মানুষের চিকিৎসায় দেওয়া  চিকিৎসকদের অযৌক্তিক বদলি, ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

এনডিএফ-এর দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার (১৫ এপ্রিল) এ প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। নেতৃবৃন্দ বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম আকন এবং শিশুরোগ বিশেষজ্ঞ ও বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসায় এগিয়ে আসা চিকিৎসকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ, স্বাস্থ্য খাতে ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ তৈরি করছে। মানবিক দায়িত্ব পালনকারী চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ অশোভনীয় ও উদ্বেগজনক। অভিজ্ঞ ও জ্যেষ্ঠ চিকিৎসকদের যত্রতত্র বদলি ও ওএসডি করার ফলে হাসপাতালের সেবা, বিশেষায়িত চিকিৎসা, মেডিকেল শিক্ষা এবং রোগীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনডিএফ মনে করে, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রবণতা বাড়ছে, যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার জন্য হুমকি। পেশাগত যোগ্যতা ও সততার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দিলে তা দেশের চিকিৎসা ও শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

এনডিএফ নেতৃবৃন্দ বিবৃতিতে ৪ দফা দাবি জানান । দাবিগুলো হলো- সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া বদলি, ওএসডি ও প্রশাসনিক সিদ্ধান্ত প্রত্যাহার; পদায়ন ও বদলিতে স্বচ্ছতা নিশ্চিত; স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ, এবং চিকিৎসকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা।

ভোরের আকাশ/সু.পা
 

জুলাই অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের বদলি-ওএসডিতে এনডিএফের প্রতিবাদ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ