স্বাস্থ্য সেবা

কিডনি রোগীদের চিকিৎসায় শয্যা বাড়ছে মেডিকেল কলেজ ৫০ ও জেলা হাসপাতালে ১০

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।

এতদিন মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টারের শয্যাসংখ্যা নির্ধারিত ছিল না। এবার সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালের জন্য নির্দিষ্ট শয্যাসংখ্যা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ও বাস্তবায়নের মেয়াদ—উভয়ই বৃদ্ধি করা হয়েছে।

দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে প্রকল্পে অতিরিক্ত ৮১ কোটি ৩০ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২৫৫ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকা। পরে প্রথম সংশোধনীতে তা বেড়ে হয় ২৯৪ কোটি ১৬ লাখ ১ হাজার টাকা। সর্বশেষ দ্বিতীয় সংশোধনীর পর প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৭৫ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার টাকা।

এ ছাড়া প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সংশোধিত মেয়াদ অনুযায়ী এটি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রকল্পসহ বুধবারের একনেক সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে। অনুমোদিত ৮টি প্রকল্পের মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

কিডনি রোগীদের চিকিৎসায় শয্যা বাড়ছে মেডিকেল কলেজ ৫০ ও জেলা হাসপাতালে ১০ | স্বাস্থ্য কথা