স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করতে চিকিৎসক নেতাদের পরিকল্পনা চান রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে চিকিৎসক নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লাগবে এবং কী ধরনের অবকাঠামো গড়ে তুলতে হবে—এসব বিষয়ে সঠিক ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি ছিল।
বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। পাশাপাশি পদোন্নতি ও পদায়নে অতীতের তদবিরের সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসকদের গবেষণা কার্যক্রম আরও জোরদার করারও আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত শাসনামলে অত্যাচার-নির্যাতনে আহত নেতা-কর্মীদের চিকিৎসায় আন্তরিক সহযোগিতার জন্য চিকিৎসকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। নিজের চিকিৎসায় চিকিৎসকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এসব ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সব অংশীজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



