ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’ উদযাপন

ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধশিল্পের উন্নয়নে দক্ষ, উদ্ভাবনী ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
আলোচনায় বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান কর্মপরিধি এবং দেশের ওষুধশিল্পের উন্নয়নে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ফার্মেসি গ্র্যাজুয়েট তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মেসি বিভাগ ‘পোস্টার প্রেজেন্টেশন’ ও ‘ফার্মা অলিম্পিয়াড’-এর আয়োজন করে। সেমিনার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



